গুজব, ডিপফেক আর AI কন্টেন্টের যুগে সত্য যাচাইয়ের সক্ষমতা ছাড়া ডিজিটাল দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে
সোশ্যাল মিডিয়ার ফিডে প্রতিদিন ভেসে আসে শত শত তথ্য কোনোটি সত্য, কোনোটি অর্ধসত্য, আর কোনোটি সম্পূর্ণ মিথ্যা। ডিজিটাল যুগে মানুষের হাতে তথ্য পৌঁছানো যত সহজ হয়েছে, মিথ্যা তথ্য ছড়ানোও ততটাই সহজ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে "ফ্যাক্ট-চেকিং" অর্থাৎ কোনো দাবি বা সংবাদের সত্যতা পদ্ধতিগতভাবে যাচাই করার দক্ষতা কেবল সাংবাদিকদের নয়, প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
গুজবের ক্ষতি এখন দৃশ্যমান
জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র-জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ও ভুয়া তথ্য ছড়িয়েছিল। ভুয়া ছবি, বিভ্রান্তিকর ভিডিও ও মিথ্যা পরিসংখ্যান মানুষকে বিভ্রান্ত করেছে, কিছু ক্ষেত্রে সহিংসতাও উসকে দিয়েছে। ফ্যাক্ট-চেকিং জ্ঞান থাকলে এই ক্ষতির বড় অংশ এড়ানো সম্ভব ।
এই ফ্যাক্ট-চেকিং?
ফ্যাক্ট-চেকিং হলো কোনো তথ্য বা দাবির বিপরীতে প্রমাণ খোঁজার একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। প্রথমে দাবিটি শনাক্ত করা হয়, তারপর মূল সূত্রে যাওয়া হয়, একাধিক নির্ভরযোগ্য উৎসের সাথে মেলানো হয় এবং প্রেক্ষাপট বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয় তথ্যটি সত্য, মিথ্যা, আংশিক সত্য নাকি বিভ্রান্তিকর।
কোথায় কাজে লাগে?
শুধু সাংবাদিকতায় নয়, ফ্যাক্ট-চেকিং দক্ষতা আইন, স্বাস্থ্য, রাজনীতি, ব্যবসা এবং শিক্ষাসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য। আদালতে সাক্ষ্য যাচাই থেকে শুরু করে হাসপাতালে ভুয়া চিকিৎসা পদ্ধতি সনাক্ত করা পর্যন্ত প্রতিটি জায়গায় সত্যতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।
আধুনিক টুলস সহজ করছে কাজ
বর্তমানে ফ্যাক্ট-চেকিংয়ের জন্য বেশ কিছু বিনামূল্যের ডিজিটাল টুল পাওয়া যায়। ছবি যাচাইয়ে Google Reverse Image Search ও TinEye, ভিডিও যাচাইয়ে InVID/WeVerify, ওয়েবসাইটের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ে Wayback Machine ও Whois Lookup এবং পরিসংখ্যান যাচাইয়ে BBS ও World Bank Data ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
বাংলাদেশে Rumor Scanner ও FactWatch (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ) দীর্ঘদিন ধরে পেশাদারভাবে ফ্যাক্ট-চেকিং করে আসছে। আন্তর্জাতিক পর্যায়ে AFP Fact Check Bangla বাংলা ভাষায় ফ্যাক্ট-চেকিং সেবা দিচ্ছে।
বিশ্বব্যাপী IFCN (International Fact-Checking Network) ফ্যাক্ট-চেকারদের আন্তর্জাতিক সার্টিফিকেশন প্রদান করে। এই সার্টিফিকেশনধারীরা AFP, Reuters-এর মতো বৈশ্বিক সংস্থায় ফ্রিল্যান্স ভেরিফায়ার হিসেবে কাজের সুযোগ পান। দেশে Upwork ও Fiverr-এর মাধ্যমেও Research ও Fact-Checking সার্ভিস বিক্রি করে আয়ের সুযোগ তৈরি হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন